তাবলিগ জামাতের ১৯ জনকে অচেতন করে সব লুট

ঝালকাঠির রাজাপুরে তাবলিগ জামাতের ১৯ সদস্যকে অচেতন করে তাদের টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল হাতিয়ে নিয়েছে একটি চক্র। এদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাগড়ি সিকদারবাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার তাবলিগ জামাতের ১৯ জনের একটি দল ঢাকা থেকে রাজাপুর সিকদারবাড়ির মসজিদে আসে। রাত ১০টার দিকে অপরিচিত এক ব্যক্তি মসজিদে এসে নিজেকে স্থানীয় লোক পরিচয় দিয়ে তাবলিগ জামাতের সঙ্গে থেকে যান। এ সময় তাবলিগ জামাতের সদস্যদের জন্য মসজিদের বাইরে চা বানানো হচ্ছিল। চা খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। কিন্তু ফজরের সময় স্থানীয়রা নামাজের জন্য তাদের ডাকাডাকি করলে ১৯ জনের মধ্যে কয়েকজনের ঘুম ভাঙলেও বাকিরা অচেতন হয়ে পড়ে থাকেন। পরে দেখা যায়, অপরিচিত ওই লোক এবং তাদের সঙ্গে থাকা টাকা ও ব্যবহৃত মোবাইলসহ দরকারি বিভিন্ন জিনিসপত্র নেই।

স্থানীয়রা অচেতন সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন ও বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।