বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশ রপ্তানি আয় বাড়াতে এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে তৈরি পোশাকের রপ্তানি বাজার বৈচিত্র্যকরণের ওপর জোরালোভাবে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের পোশাক শিল্প জাপানের মতো নতুন এবং সম্ভাবনাময় বাজারগুলো অন্বেষণ এবং প্রতিটি সুযোগ কাজে লাগাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
গতকাল সোমবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আরএক্স জাপান লিমিটেডের ইন্টারন্যাশনাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের প্রধান পরিচালক হাজিমে সুজুকির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আরএক্স জাপান, জাপানের একটি নেতৃস্থানীয় প্রদর্শনী সংগঠক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএক্স জাপানের কুরেনা ওয়াতাবে।
ফারুক হাসান বলেন, বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন সুযোগগুলো খুঁজে বের করা এবং সেগুলো কাজে লাগাতে অ্যাপারেল ডিপ্লোম্যাসি ও ট্রেড মিশনের মতো উদ্যোগগুলো গ্রহণ করেছে।
জাপানের এ প্রদর্শনী প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক বাড়াতে কাজ করছে। বিশেষ করে যারা ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত, তাদের মধ্যে বাণিজ্য যোগাযোগ স্থাপনে বিজিএমইএ এবং আরএক্স জাপান সম্ভাব্য কোন কোন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করতে পারে, তা নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠানে বিজেএমইএ ও আরএক্সের নেতারা একমত প্রকাশ করে বলেন, বাংলাদেশি ব্যবসায়ীরা জাপানে পোশাক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের সামর্থ্য ও সক্ষমতা তুলে ধরতে সক্ষম হবেন ।