কেশরহাট পৌরসভা

মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের অভিযোগ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদের বিরুদ্ধে সাত কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলররা। গতকাল বুধবার দুপুরে পাঁচজন পৌর কাউন্সিলর রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তার। কাউন্সিলরদের অভিযোগ, মেয়র এডিপি থেকে বরাদ্দ ৮৬ লাখ টাকা উন্নয়ন খাতে ব্যয় না করে তা আত্মসাৎ করেছেন। সরকারের বিশেষ বরাদ্দ, পৌরহাট, পৌর সুপার মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইজারা ও রাজস্ব থেকে আদায় করা  সাড়ে চার কোটি টাকা সরকারি তহবিলে জমা না দিয়ে বাড়ি বানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা কাউন্সিলরা হলেন এশরামুল হক, সাবের আলী ম-ল, আবদুল হাফিজ ও আসলাম হোসেন। এ বিষয়ে কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ। যারা এসব অভিযোগ করেছে তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে।