ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। একই সঙ্গে আগেই পদোন্নতি পাওয়া দুই অতিরিক্ত আইজিপিকে সচিব পদমর্যাদায় গ্রেড-১-এ উন্নীত করা হয়েছে। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনে এসব পদোন্নতির সিদ্ধান্ত জানানো হয়।
এর মধ্যে চার ডিআইজিকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান এবং ডিএমপির ডিআইজি পদমর্যাদার অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম। তাদের মধ্যে প্রথম দুজনকে শূন্য পদে এবং শেষ দুজনকে পদোন্নতিজনিত কারণে পদশূন্য হওয়া সাপেক্ষে পদোন্নতি দেওয়া হয়েছে।
এদিকে সচিব পদমর্যাদায় গ্রেড-১-এ উন্নীত হওয়া দুজন হলেন পুলিশ সদরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও এসবি প্রধান মো. মনিরুল ইসলাম। তারা দুজনই অতিক্তি আইজিপি গ্রেড-১ হিসেবে চলতি দায়িত্বে কর্মরত ছিলেন।