দিনাজপুর-৪ আসনের এমপি আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিএনপি শেখ হাসিনা সরকারের উন্নয়ন চোখে দেখে না। তারা তো উন্নয়ন করতে পারেনি। যখন ক্ষমতায় ছিল তখন উন্নয়নের নামে কারেন্টের খাম্বা দিয়ে দেশের টাকা লুট করে নিয়ে গেছে। বিএনপি-জামায়াতের সময় তারেক জিয়া পঞ্চগড়ে খাম্বা কারখানা করে দেশের টাকা চুরি করেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে চিরিরবন্দর উপজেলার বেলা নদীর খনন কাজ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু নির্মাণকাজ শুরু করল তখন তারা বিরোধিতা করেছে। মানুষকে মিথ্যা বলে বিভ্রান্ত করেছে। ওরা মনে করেছে রাতের আধারে পদ্মা সেতু পার হলে আওয়ামী লীগ দেখতে পারবে না। বিএনপির নেতাকর্মীরা আবার রাতের আধারে পদ্মা সেতু পার হয়ে মিছিল মিটিং করে বেড়াচ্ছে। আধুনিক যুগে সবকিছুই ডিজিটাল। সবকিছুতেই তারা আবার ধরা পড়ে। ওরা তো দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। ওদের মাথায় তো উন্নয়নের বুদ্ধি নেই। শুধু তাদের মাথায় শয়তানি বুদ্ধি আছে। এ দেশের কৃষকের কথা চিন্তা করে সরকার সেচ প্রকল্পের মাধ্যমে নদী অববাহিকায় পানি ধরে রাখতে কৃষিখাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন প্রকল্পের কাজ করে যাচ্ছে।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, ওসি খানসামা চিত্তরঞ্জন রায়, ওসি চিরিরবন্দর বজলুর রশিদ, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।