কুষ্টিয়ার শহরে মোস্তাফিজুর রহমান কর্নেল (২২) নামে যুবককে কুপিয়ে হত্যার দায়ে নিহতের তিন বন্ধুর যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১-এর বিচারক তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো কুষ্টিয়ার মজমপুর এলাকার ইউসুফ হোসেন ওরফে মুক্তার ছেলে পারভেজ হোসাইন ওরফে সৌরভ (৩২), খন্দকার হামিদুজ্জামান মলিনের ছেলে খন্দকার মিহিরুজ্জামান মিহির (৩০) এবং কোর্টপাড়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে সাজ্জাদুল বারী ওরফে সবুজ (৩১)।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ জানুয়ারি রাত সাড়ে ৯টায় প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে মোস্তাফিজুর রহমান কর্নেলকে মজমপুর গেট থেকে তুলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের ম-ল ফিলিং স্টেশনের কাছে চাঁদাগাড়ার মাঠে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশের কাছে হাতেনাতে আটক হয় তারা।
অন্যদিকে, ঝিনাইদহের মহেশপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামের বাসিন্দা। রায়ের বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর জয়নাল আবেদীন ওই শিশুকে ধর্ষণ করে।