কুড়িগ্রামে ২১ মামলার এক আসামিসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ তথ্য জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাসপাতাল পাড়ার আসিফ ইকবাল (৪০), একই এলাকার সাদ্দাম (২৯) ও হরিকেস মধ্যপাড়ার হৃদয় (২৬)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের জর্জ কোর্ট চত্বর এলাকা থেকে ১২টি চুরি ও ৯টি মাদক মামলার আসামি আসিফ ইকবাল, ৩টি চুরি ও ৬টি মাদক মামলার আসামি একই এলাকার সাদ্দাম এবং একটি চুরি ও ৩টি মাদক মামলার আসামি হৃদয়কে চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, এই চোর চক্রটি বিভিন্ন সময়ে কুড়িগ্রাম শহরে চুরি ও মাদক কারবারি করে আসছিলো। কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এই চক্রটিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।