বগুড়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

বগুড়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আসিফ শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতা।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে শহরের হাকিড় মোড় সুলতানগঞ্জ পাড়া এলাকায় এঘটনা ঘটে।

আহত আসিফ বগুড়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাকির মোড় সুলতানগঞ্জ পাড়ার হেলাল শেখের ছেলে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া।

আহত আসিফ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, শুক্রবার স্থানীয়ভাবে এক ক্রিকেট খেলার আয়োজন করা হয়। সেই খেলা উপলক্ষে সুলতানগঞ্জ পাড়ার এক মাঠে খাওয়া দাওয়ার আয়োজন হয়। সেই সময় ছাত্রলীগ নেতা আসিফের চাচাতো ভাই তুষার স্থানীয় রিভু নামের সিনিয়র এক যুবকের ঘাড়ে হাত দেন। এই নিয়ে রিভু ও তুষারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আসিফ উভয়কে থামিয়ে দেয়। পরে রিভু স্থানীয় রাব্বি নামের এক যুবকসহ তিন থেকে চারজনকে নিয়ে তুষারকে মারতে আসেন। আসিফ তাদের বাধা দিতে গেলে রিভু ও তার সহযোগীরা ছুরিকাঘাতের ঘটনা ঘটায়।

আসিফের পরিবার সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। তবে ডাক্তারদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেয়া হতে পারে।