৩০ হাজার টাকার জন্য শিশু অপহরণ, যুবক আটক

চট্টগ্রামে ৩০ হাজার টাকা মুক্তিপণের জন্য শিশু অপহরণ করে ৯ ঘণ্টার ব্যবধানে ধরা পড়ল জুয়েল মিয়া (২৪) নামের এক যুবক।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে নগরের বায়েজিদ বোস্তামি এলাকায় তার (জুয়েল) জিম্মি দশা থেকে সিদরাতুল মুনতাহা নামের এক বছর ৯ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করে র‌্যাব। একইসঙ্গে জুয়েল মিয়াকে আটক করা হয়েছে।

আটক জুয়েল মিয়া সিলেটের বালাগঞ্জ থানার গোয়াইলজুরা বাজার এলাকার কাশেম মিয়ার ছেলে। বর্তমানে তিনি বসবাস করে নগরের জালালাবাদ এলাকার কাশেম কোম্পানির বাড়ির জামাই কলোনির ভাড়া ঘরে।

র‌্যাব জানায়, অপহৃত শিশুর বাবা পিয়ার মোহাম্মদ একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি স্ত্রী ও এক ছেলে-মেয়েকে নিয়ে জালালাবাদ এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকেন। প্রতিবেশী জুয়েলের সঙ্গে পিয়ার মোহাম্মদের সন্তানদের সখ্যতা তৈরি হয়। শনিবার দুপুরে বাসার সামনে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় মুনতাহাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জুয়েল। দীর্ঘক্ষণ মেয়েকে দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পিয়ার মোহাম্মদ।

এক পর্যায়ে জুয়েল ফোন করে জানায়, সিদরাতুল মুনতাহা তার হেফাজতে আছে। তাকে পেতে চাইলে ৩০ হাজার টাকা দিতে হবে। টাকা তাড়াতাড়ি না পাঠালে তার মেয়েকে হত্যার হুমকিও দেয় জুয়েল।

বিষয়টি র‌্যাবকে জানালে রাত সাড়ে ৯টার দিকে প্রযুক্তির সহায়তায় নগরের বায়েজিদ বোস্তামি আবাসিক এলাকা থেকে জুয়েল মিয়াকে আটক করা হয়। একইসঙ্গে অপহৃত শিশু সিদরাতুল মুনতাহাকে উদ্ধার করা হয়।

জুয়েলের বিরুদ্ধে নগরের বায়েজিদ বোস্তামি থানায় শিশু অপহরণের অভিযোগে মামলা করেছেন পিয়ার মোহাম্মদ। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।