নেত্রকোনায় হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

নেত্রকোনা পৌরশহরে হত্যা মামলার আসামি সাফায়েত উল্লা (৩৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) সকালে রাজুরবাজারস্থ ময়লাকান্দা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

নিহত সাফায়েত উল্লা ঘটনাস্থলের অদূরে বালুয়াখালি গ্রামের ওমর আলীর ছেলে। ২০১৯ সালে রাজুরবাজার এলাকায় চাঞ্চল্যকর মাসুম হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন তিনি।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুম হত্যা মামলায় দুই নম্বর এজারভুক্ত আসামি ছিলেন সাফায়েত উল্লা। তিনি এ হত্যা মামলায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। ধারনা করা হচ্ছে স্কু-ড্রাইভার বা এধরণের কোন কিছু দিয়ে নিহতের গলায় আঘাত করা হয়েছিল।

শনিবার দিনগত রাত আড়াইটার দিকে সিসিটিভি ফুটেজে তাকে চলাফেরা করতে দেখা গেছে। এরপর ভোরের কোন এক সময় হত্যার পরে পৌরসভার ময়লা ফেলার স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

এব্যপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হত্যার রহস্য উদঘাটন এবং এর সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।