ধলেশ্বরীতে হাত-পা বিহীন অজ্ঞাত পরিচয় যুবকের লাশ

মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী নদীতে হাত-পা বিহীন অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করে।

মুক্তারপুর নৌফাঁড়ির ইনচার্জ আব্দুস সোবহান জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী যুবকের লাশ নদীতে ভাসতে দেখে নদী তীরবর্তী বাসিন্দারা। পরে তারা খবর দিয়ে নৌ-পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, যুবকের লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডান হাত ও বাম পা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি ৬-৭ দিন আগের। অন্যত্র থেকে ভাসতে ভাসতে লাশটি এখানে আসে।