ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে ব্লিঙ্কেন

ইসরায়েল-ফিলিস্তিনের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্লিঙ্কেনের এ সফরে প্রাধান্য পাচ্ছে ইসরায়েল-ফিলিস্তিন নতুন উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ ও ইরানের পারমাণবিক কর্মসূচি। তিন দিনের সফর শুরুর প্রথম দিন তিনি মিসরে পৌঁছান। কায়রোর পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জেরুজালেম এবং মঙ্গলবার রামাল্লায় যাবেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।  ব্লিঙ্কেনের এ সফরের পরিকল্পনা করা হয় নেতানিয়াহুর নতুন ডানপন্থি সরকারকে কেন্দ্র করে। কেননা ইসরায়েলের দিকনির্দেশনার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর অভিযানে ৯ জন ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনার পর অধিকৃত পূর্ব জেরুজালেমে উপাসনালয়ের বাইরে ৭ ইসরায়েলিকে হত্যার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ কারণে ব্লিঙ্কেনের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। গত মাসে নেতানিয়াহু ফের ইসরায়েলের ক্ষমতায় আসার পর এটিই হবে সেখানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কারও প্রথম সফর।