ভারতে আদানির বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে মামলা

ভারতের আদানির বিদ্যুৎ প্রকল্পের সঞ্চালন লাইনের বিরোধিতা করে দেশটির উচ্চ আদালতে মামলা হয়েছে। স্থানীয় চাষীদের করা এ মামলার ফলে চলমান সংকট আরো গভীর হলো আদানির।

ভারতীয় টিভি চ্যানেল কলকাতা টিভি এবং ইটিভি জানায়, ভারতের ঝাড়খন্ডে নির্মাণাধীন আদানি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মার্চে বাংলাদেশে যে বিদ্যুৎ আসার কথা রয়েছে, সেটিও অনিশ্চয়তায়ে পড়ল।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ফরাক্কায় আদানির বিদুৎ প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর। মঙ্গলবার ফরাক্কায় আদানি পাওয়ারের বিরুদ্ধে ৩০ ফল চাষীকে নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দাখিল করে এ সংগঠন।

এ মামলা গ্রহণ করে আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারক রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

দেশটির সংবাদমাধ্যম জানায়, ঝাড়খন্ডে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে আদানির। সেখান থেকে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে। এ জন্য মুর্শিদাবাদের ফরাক্কায় খুঁটি নির্মাণ করে আদানি পাওয়ার। কিন্তু এ খুঁটি তৈরি করতে গিয়ে জমি অধিগ্রহণ থেকে শুরু করে জমির ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ তার স্থাপন নিয়ে সমস্যা দেখা দেয়। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে এ নিয়ে তাদের বিরোধ চলছিল।

ভারতীয় টিভিগুলো জানায়, স্থানীয়দের অভিযোগ, কৃষি জমির ওপর দিয়ে হাই টেনশন তার যাওয়ায় বিপুল ক্ষতির সম্ভাবনা রয়েছ। ফরাক্কার যে অঞ্চল থেকে এ তার নিয়ে যাওয়া হচ্ছে তা জনবসতিপূর্ণ। পাশাপাশি এখানে প্রচুর পরিমাণ আম, লিচুর গাছও রয়েছে। এ গাছের ফলনই স্থানীয়দের জীবিকার একমাত্র অবলম্বন। গত বছর জুলাই মাসে যা নিয়ে আদানির বিরুদ্ধে বিক্ষোভ করে গ্রামবাসী। গ্রামবাসীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ফরাক্কার বেনিয়া গ্রাম।

আরো জানা যায়, আদানির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন এক কৃষক। সেই মামলার ভিত্তিতে এ প্রকল্পের জন্য কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি স্থানীয় প্রশাসনকে দেখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরও ক্ষতিপূরণ না পাওয়ায় আদানি গোষ্ঠী ও রাজ্য সরকারকে অভিযুক্ত করে হাইকোর্টে যান ফারাক্কার ৩০ চাষী। তাদের পক্ষে মঙ্গলবার মামলা দায়ের করেন সিনিয়র আইনজীবী ঝুমা সেন।

ফারাক্কার চাষীদের পক্ষে এ মামলার আইনজীবী মানবধিকার সংগঠন এপিডিআরের কর্মী রণজিৎ সুর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, গোটা প্রক্রিয়া বেআইনিভাবে করার কারণে জনস্বার্থে মামলা দায়ের হয়েছে। পশ্চিমবঙ্গের ওপর থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইন যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে আদানির কোনো চুক্তি নেই। একইসঙ্গে যাদের জমির ওপর থেকে সঞ্চালন লাইন যাচ্ছে তাদের সঙ্গেও চুক্তি নেই। এমনকি তাদের সম্মতিও নেয়া হয়নি।