ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫), তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রউফ জানান, মনির ইটভাটার শ্রমিক। গ্রামের অন্যান্য বাড়ি থেকে মনিরের বাড়িটা কিছুটা নীরব এলাকায়। ইট তৈরির মৌসুম থাকায় সে ইটভাটায় রয়েছে। বাড়িতে শুধু তার স্ত্রী ও দুই শিশু সন্তান থাকেন। বুধবার রাতে কোনো এক সময় সিঁধ কেটে ঘরে ঢুকে মনিরের স্ত্রী ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে এসে দেখি তিনজন রক্তাক্ত ও অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এ সময় তাদের দ্রুত স্থানীয়দের দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের কোপালেও ঘরের কোনো জিনিস নেয়নি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আমরা পুলিশকে খবর দিয়েছি।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।