তুচ্ছ ঘটনায় প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী নিহত ও তার চাচা গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) নিহত ও তার চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গুরুতর আহত হন।

এলাকাবাসী জানান, নিহত আব্দুর রাজ্জাকের চাচার কাছে একই এলাকার হাচেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি বৃহস্পতিবার সকালে পাওনা সাত শ টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে জহুরুলসহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে রাজ্জাক ফালাবিদ্ধ হন এবং তার চাচা জাবেদ গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। জাবেদ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক নামের ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। ইতিমধ্যে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।