স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন ছাড়া এ দেশের ক্ষমতা পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চান তাদের কাছে এটা অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ এ দেশের জনগণও মনে করে ভোট ছাড়া অন্য কোনো উপায় নেই এ দেশের শাসনভার গ্রহণ করার।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে 'হ্যালো পুলিশ' আনুষ্ঠানিক উদ্বোধনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড মহামারির সময় আত্মীয় স্বজন তার প্রিয় মানুষকে হাসপাতালে ফেলে চলে গিয়েছিল। তাকে দেখার জন্য কেউ ছিলো না তখন পুলিশ তার প্রাণ বাজি রেখে তাদের দায়িত্ব পালন করেছেন। জঙ্গি দমন, সন্ত্রাস দমন নির্মুলে পুলিশ কাজ করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ জনগণের বন্ধুতে পরিণত হয়েছে। জনগণের পাশে থেকে তারা সেবা করে যাচ্ছে এবং ধাপে ধাপে তাদের সেবাটাকে আরও বিস্তৃত করছে। আমরা যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি আমাদের দেশ এগিয়ে চলছে মানবসেবায় তারা সবসময় নিজেদের নিয়োজিত রেখেছেন। বহির্বিশ্বেও পুলিশ ভালো কাজ করছে।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনে আসা উচিত। তারা যদি বর্জন করে সেটা তাদের নিজস্ব ব্যাপার। সেখানে আমি মন্তব্য করি না। আমি মনে করি, তারা যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেটি না করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।
এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।