রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত ‘ষ’

নুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থোলজি সিরিজ ‘ষ’-এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে ইউরোপের সম্মানজনক চলচ্চিত্র উৎসব রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে। প্রযোজনা সংস্থা চরকি জানিয়েছে, ‘ষ’ বাংলাদেশের ওটিটিতে প্রচার হওয়া প্রথম কনটেন্ট, যা এ উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে। গত বুধবার রটারড্যামের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সিনেমা হলে ‘ষ’-এর প্রথম প্রদর্শনী হয়। এর মধ্য দিয়ে পেট কাটা ‘ষ’ সিরিজের ১১০ মিনিটের সিনেমা ভার্সনের আন্তর্জাতিক প্রিমিয়ার হয়।

হেলেন ওয়েস্টরিকের সঞ্চালনায় হলভর্তি দর্শকের মধ্যে পরিচালক নুহাশ ও প্রযোজক রেদওয়ান রনিকে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রাথমিক পর্বে। সিনেমা শেষে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরিচালক নুহাশ হুমায়ূন। ‘ষ’-এর স্ক্রিনিং শেষে সঞ্চালক হেলেন ওয়েস্টরিক স্মারক হিসেবে ‘টাইগার’ রটারড্যামের লোগো নুহাশের হাতে তুলে দেন। পরিচালক নুহাশ হূমায়ূন বলেন, ‘এটা আমার জন্য যেমন আনন্দের, দেশের জন্য আরও গৌরবের। লোকাল কনটেন্ট গ্লোবাল দর্শক যে গ্রহণ করছে, পুরো সিনেমার মধ্যে দর্শক খুবই ইন্টারেকটিভ ছিল। উচ্ছ্বাস প্রকাশ করছিল। যেখানে যেমন রি-অ্যাক্ট করার, তেমন রি-অ্যাক্ট করছিল।’ চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেছেন, ‘নুহাশ হূমায়ূন ও ফেস্টিভ্যাল প্রোগ্রামারদের ধন্যবাদ যে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার সুযোগ দিয়েছেন। নতুন, তরুণ ও নবীন ফিল্মমেকারদের জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকবে।’

নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে ৭১টি দেশের চারশর বেশি সিনেমা। ‘ষ’-এর পাশাপাশি বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শবনম’-এর দুটি প্রদর্শনী হয়েছে এ ফেস্টিভ্যালে। ভৌতিক ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছিল অ্যান্থোলজি সিরিজ পেট কাটা ‘ষ’।