বগুড়ার শাজাহানপুরে চোরাই মোটরসাইকেলসহ গোলাম গাউছ (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোলাম গাউছ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া। গ্রেপ্তার ছাত্রলীগ নেতা উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকার বাসিন্দা।
শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ গোলাম গাউছকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা শেষে গ্রেপ্তার আসামিকে গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গাউছের বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।