শতাধিক মামলার আসামি রাশিদুল গ্রেপ্তার

বাংলাদেশ ফাইন্যান্সের প্রতারণা মামলায় চট্টগ্রামের প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশিদুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের দক্ষিণ মধ্য হালিশহরের বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ হাসান।

এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাশিদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মন বাংলাদেশ ফাইন্যান্স থেকে পাঁচ কোটি টাকা হোম লোন সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ২৭৬৮ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে ঋণের টাকা পরিশোধ না করেই প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দায়বদ্ধ ফ্ল্যাটটি গোপনে অন্যত্র হস্তান্তর করার চুক্তি করেন।

পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সের নজরে আসলে প্রতিষ্ঠানটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজস্ট্রেট আদালতে রাশিদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মনের বিরুদ্ধে পেনাল কোডের ৪২০/৪০৬/৪৬২বি/৩৪ ধারায় প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করলে আদালত আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, বিচারাধীন অভিযোগ ছাড়াও প্রাইম এএমআর এক্সচেঞ্জ ও প্রাইম কমিউনিকেশন নামে আরও একাধিক ঋণ নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আসামি মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপী ও প্রতারণার অভিযোগে প্রায় শতাধিক মামলা চলমান রয়েছে।

এ ছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার ও জঙ্গি সংগঠনের অর্থায়নের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে তদন্ত করছে বলে জানা যায়।