সন্তানদের দেখতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার

স্বামীর সঙ্গে বিচ্ছেদের চার মাস পর সন্তানদের দেখতে যশোর থেকে ঢাকায় এসে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এমন ঘটনায় দিন দশেক আগে মামলা হলেও বিষয়টি প্রকাশ পায় আজ শনিবার।

গত ২৬ জানুয়ারি থানায় করা মামলায় ওই নারী (২৯) জানান, স্বামী ও দুই সন্তান নিয়ে ওই নারী মোহাম্মদপুর থানার এলাকার বছিলায় ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী রাজমিস্ত্রি। পারিবারিক বিরোধে মাস চারেক আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর তিনি সন্তানদের তাদের বাবার কাছে রেখে গ্রামের বাড়ি যশোরে চলে যান।

ডিএমপি মোহাম্মদপুর জোনের এডিসি মৃত্যুঞ্জয় দে বলেন, গত ২৫ জানুয়ারি রাত ৯টার দিকে সন্তানদের দেখতে ওই নারী একাই যশোর থেকে বছিলায় আসেন। কিন্তু স্বামী সন্তান নিয়ে যে বাসায় থাকতেন, সে বাসায় গিয়ে জানতে পারেন তারা কেউ নেই। এরপরেই তাদের খোঁজে আশপাশে দুজনকে জিজ্ঞাসা করে কোনো সঠিক ঠিকানা না পেয়ে যশোর যেতে গাবতলী যাওয়ার জন্য একটি রিকশা ভাড়া করেন। কিন্তু রিকশাওয়ালা তাকে গাবতলী না নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করার সময় হঠাৎ করে দু'দিক থেকে দুজন তার রিকশায় উঠে জিম্মি করে ফেলে। পরে রিকশাওয়ালাসহ তিনজন তাকে ভয় দেখিয়ে বছিলার ফিউচার টাউনের ৫ নম্বর সড়কের একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকদের অস্থায়ী টিনশেড ঘরে নিয়ে আটকে রাখে।

তিনি আরও বলেন, সেখানে আরও দুজন ছিল। সবাই মিলে তাকে চড়-থাপ্পড় দেওয়ার পাশাপাশি হত্যার হুমকি দিয়ে রিকশাওয়ালাসহ চারজন পালাক্রমে ধর্ষণ করে। একজন ধর্ষণ না করে পাহারা দেয় বলে মামলায় উল্লেখ করেন ওই নারী। পরে আশপাশের লোকজন টের পেলে আসামিরা পালিয়ে যায় উল্লেখ করে মামলায় বলা হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।