হাসিখুশি উজ্জ্বল মুখ। বয়স শত বছরের কাছাকাছি। মুখ থেকে কখনো হারায় না হাসির ঝিলিক। প্লাস্টিকের চেয়ারে বসে আছেন। সামনে রাখা টেবিলে সাজানো গরম পানির ফ্লাস্ক, ওয়ান টাইম গ্লাস, কয়েক রকমের খেজুর, হালুয়া ও গাওয়াহ রাখার কৌটা। এভাবেই বিকেলে ৪০ বছর ধরে মদিনার রাস্তায় বিনামূল্যে খেজুর, মিষ্টান্ন ও কফি বিতরণে অতিবাহিত করেছেন এক বৃদ্ধ। মসজিদে নববিতে নামাজ আদায় ও রওজা মোবারক জিয়ারতে আসা মুসল্লিদের পাশাপাশি পথচারীদের উপহার দিতে বসে থাকেন খেজুর, হালুয়া ও আরবীয় কফিসহ বিভিন্ন সামগ্রী নিয়ে।
আলজাজিরা মুবাশির সূত্রে জানা যায়, সিরিয়ান ওই বৃদ্ধের নাম ইসমাইল আল-জাইম। বয়স ৯৫ বছরের বেশি। দীর্ঘ প্রবাসজীবনের চার দশক ধরে মুসল্লিদের ক্লান্তি দূর করতে নানা সামগ্রী নিয়ে বসে থাকেন মসজিদে নববির কাছের রাস্তায়। খেজুর, হালুয়া, গাহওয়াসহ নানা সামগ্রী বিনামূল্যে বিতরণ করেন সবার মধ্যে। এসব কাজে তাকে তার সন্তান সহযোগিতা করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে সেই বৃদ্ধকে সবার মধ্যে কফি বিতরণ করতে দেখা যায়। অনলাইনে সক্রিয়রা তার বেশ প্রশংসা করেন। দীর্ঘ চার দশক ধরে কারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া ছাড়াই এসব কাজ করছেন বলে জানান তিনি।
এ প্রসঙ্গে ‘আবু সিবা’ নামে পরিচিত ওই বৃদ্ধ বলেন, ‘আমি বিগত ৪০ বছর ধরে যা বিতরণ করেছি, তার পুরোটাই ছিল বিনামূল্যে। আর এটি আমি করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য কারও থেকে কখনো কোনো বিনিময় গ্রহণ করিনি। কোনো প্রচারও চাইনি।’