ভয়াবহ দাবানলে পুড়ছে চিলি, নিহত ২৩

দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় প্রচণ্ড তাপদাহে সৃষ্ট দাবানলে ২৩ জনের প্রাণহানি হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) জরুরি অবস্থার আওতা বাড়িয়েছে সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে আগুনের ব্যাপকতা বেড়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানিয়েছেন, দাবানলে ২২ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন গুরুতর দগ্ধ ও ৫৫৪ জন সামান্য আহত হয়েছেন। তিনি আরও বলেন, আগুন থেকে বাঁচতে এক হাজার ৪২৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সর্বশেষ জরুরি অবস্থার আদেশের আওতায় রয়েছে দক্ষিণাঞ্চলীয় আরাউক্যানিয়া অঞ্চল। এর আগে কাছাকাছি বায়োবিও ও নাবল অঞ্চলেও এ অবস্থা জারি করা হয়।

রাজধানী সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানান, আবহাওয়া পরিস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, রোববার নতুন করে ৭৬টি আগুনের ঘটনা ঘটেছে।

চিলির সরকারি কর্মকর্তারা সাংবাদিকদের জানান, অগ্নিনির্বাপণে উড়োজাহাজ ও ফায়ার ফাইটার দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল ও ভেনেজুয়েলা।