দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার তার, নির্মাণ করেছেন অসংখ্য নাটক ও টেলিছবি। তার নির্মাণে প্রেমের গল্পে বরাবরই অন্যরকম এক ভালো লাগা খুঁজে পায় দর্শক। যার কারণে তাকে দর্শকরা আখ্যায়িত করেন ‘ভালোবাসার গল্পকথক’ হিসেবে। বলছিলাম, সময়ের অন্যতম জনপ্রিয় নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান’র কথা। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে তার ওয়েব সিনেমা ‘ঊনিশ ২০’। সিনেমা ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি কথা বলেন দেশ রূপান্তরের সঙ্গে। তাকে নিয়ে লিখেছেন ইমরুল নূর।
প্রতিবারই নতুন জুটি নিয়ে হাজির হন। এবারের ভালোবাসা দিবসেও তাই। ‘ঊনিশ ২০’-এ আরিফিন শুভ-বিন্দুর রসায়ন কতটা জমাতে পারবে বলে মনে করছেন?
ইতিমধ্যে সিনেমার টিজার এবং রোমান্টিক গানের একটা অংশ উন্মুক্ত হয়েছে। যতদূর দেখেছি এই ছোট অংশেই দর্শক তাদের রসায়ন পছন্দ করেছে। আমাদের দিক থেকে আমরা সাধ্যের সবটুকু চেষ্টাই করেছি। এই জুটির রসায়ন কতটা জমেছে সেটা আসলে দর্শক সিনেমাটা দেখলে বলতে পারবে।
আপনি যেহেতু ভালোবাসার গল্প-ই বেশি বলেন, নিশ্চয় এখানেও প্রেমের গল্পই বলবেন। তারপরও এই গল্পে নতুন কি দেখাতে চেয়েছেন?
এটা একটা ফিল গুড লাভ স্টোরি। গান আছে, ফান আছে সাথে একটা ভালোবাসার গল্প আছে। আমাদের এই সময়টা বেশ অস্থির। আপনাকে- আমাকে প্রতিদিন কোন না কোন ক্রাইসিসের ভেতর দিয়ে যেতে হচ্ছে। এই সময়ে আমি একটা মন ভালো করা সিনেমা নির্মাণ করতে চেয়েছি। এই সিনেমা দর্শকের চোখে-মুখে এবং মনে একটা আনন্দ তৈরী করতে পারলেই এটার নির্মাণ সার্থক হবে।
নতুন এই প্রেমের গল্পে আরিফিন শুভ এবং বিন্দুকেই কেন আপনার পছন্দ হলো?
শুভ ভাইয়ের সাথে আমার টিভিতে একটা কাজ হয়েছে, তবে বিন্দুর সাথে এটাই প্রথম কাজ। পছন্দ কেন হলো জানি না, তবে যেদিন থেকে এই গল্প নিয়ে কাজ করবো ভেবেছি সেদিন থেকেই আমার মাথায় এই দুজনের কথা-ই বার বার আসছিল।
তাদের দুজনকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
অভিজ্ঞতা বেশ ভালো। দুজনেই খুব সিনসিয়ার ছিলেন। উনাদের সাথে ‘ঊনিশ ২০’এর জার্নি আমার সবসময় মনে থাকবে।
বলেছিলেন, নতুন বছর থেকে দুটি করে সিনেমা বানাবেন। দুটির ঘোষণাও এলো। একটি শাকিব খান অন্যটি সিয়াম আহমেদকে নিয়ে। এগুলোর আপডেট জানতে চাই..
আমি এখন পর্যন্ত কোথাও থিয়েটারের কোন সিনেমার ঘোষণা দেই নি। সবকিছু চূড়ান্ত হলেই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবো।
যেহেতু ওটিটি এবং সিনেমায় ব্যস্ত হচ্ছেন তাহলে নাটকে কি বিরতি টানলেন, বলা যায়?
নাটক আমার প্রথম ভালোবাসা। এই নাটক আমাকে একটু একটু করে এত দূর নিয়ে এসেছে। সেখান থেকে এতো সহজে কি বিরতি নেয়া যাবে?