ভেজাল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড-জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদে প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে যৌন উত্তেজক ট্যাবলেট, ব্যথানাশক ক্রিমসহ বিভিন্ন নকল পণ্য উৎপাদন করে আসছিল 'জে বি কেয়ার' নামে একটি প্রতিষ্ঠান। বিএসটিআই এর অনুমোদনহীন এই কারখানায় নোংরা পরিবেশে এসব পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। তবে শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে আজ রবিবার সকালে বায়েজিদ বোস্তামি থানার শাহ হাবিবুল্লাহ সড়কে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. খায়রুজ্জামান রাজুকে হাতেনাতে আটক করে এক বছরের কারাদণ্ড এবং চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান থেকে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াশ, ব্রেস্ট ক্রিম, ব্যথানাশক ক্রিম ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রসাধনী ও ওষুধ তৈরির কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা সাবানগুলোতে বিএসটিআইয়ের লোগো ছিল। কিন্তু এ জন্য প্রতিষ্ঠানটির কোনো অনুমতি নেওয়া হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কারখানাটির প্রসাধনী ও ওষুধ উৎপাদনের কোনো অনুমোদন নেই। পরিবেশও ছিল খুবই নোংরা। অভিযানে চারজনকে আটক করা হলেও তিনজনকে বয়স বিবেচনায় ছেড়ে দেওয়া হয়। ব্যবস্থাপক খায়রুজ্জামানকে এক বছরের কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানাটির মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হবে।