ক'দিন আগে মাতাল হয়ে মুসল্লিদের ওপর হামলার অভিযোগ ওঠে সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়নের ইউপি সদস্য রবিন চৌধুরীর বিরুদ্ধে। আর এবার এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠল সেই একই ব্যক্তির বিরুদ্ধে।
জানা গেছে, শনিবার (০৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কদম রসুল এলাকায় স্বামীর সাথে রিকশায় করে যাচ্ছিলেন এক নারী। এ সময় রবিন তাদের পথ রোধ করে কুতুব পাড়ার একটি নির্জন কক্ষে নিয়ে যান। সেখানে ওই নারীর স্বামীকে বেঁধে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন রবিন। টাকা দিতে অস্বীকার করায় স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি।
পরে ওই নারী ৯৯৯-এ নম্বরে বিষয়টি জানালে সীতাকুণ্ড থানার এসআই হারুনুর রশিদ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।
এসআই হারুন বলেন, রাত ১১টার দিকে ৯৯৯-এ একটি কল আসে। এক নারী তাকে উদ্ধার করার আকুতি জানান। ওই নারীর দেওয়া ঠিকানা অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে ও তার স্বামীকে উদ্ধার করি। এ সময় ওই নারী অভিযোগ করেন, ইউপি সদস্য রবিন তাকে ধর্ষণ করেছে। পরে তাকে চমেকের চিকিৎসার জন্য পাঠানো হয়।
সীতাকুণ্ড থানার আরেক এসআই মুকিব হাসান বলেন, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।