ইমরানের অভিযোগ

সন্ত্রাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে পাকিস্তান সরকার

পাকিস্তানের বর্তমান সরকার সাম্প্রতিক সন্ত্রাসবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন তিনি। ইমরান বলেন, তার সরকারের আমলে সবচেয়ে কম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমান সরকারের সময় এটা বেড়ে গেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান আরও বলেন, ‘সন্ত্রাসী ঘটনার ধারাবাহিক চিত্র দেখুন। পিটিআই সরকারের সময় এসব কতটা কমে গিয়েছিল তা দেখুন।’ গত সোমবার পাকিস্তানের পেশোয়ারে আঞ্চলিক পুলিশ সদর দপ্তরের ভেতরে মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। বিস্ফোরণে মসজিদ ভবনের একাংশ ধসে পড়ে। নিহত হন একশরও বেশি মুসল্লি। এ হামলার পর গত শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এ বৈঠকে অংশ নিতে ইমরান খানকেও আমন্ত্রণ জানান। আগামী মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা। পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ করেন, প্রদেশ সরকার সন্ত্রাসবিরোধী কাজে বরাদ্দ অর্থ ঠিকমতো ব্যয় করছে না। শাহবাজের এ অভিযোগকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছেন ইমরান।