বগুড়ায় ভুট্টাক্ষেত থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ভুট্টাক্ষেত থেকে শাহরিয়ার ইসলাম রিয়াজ (১৭) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

গত শনিবার বিকেল থেকে রিয়াজ নিখোঁজ ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী। রিয়াজ উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে। সে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

রিয়াজের মামা আবদুল হামিদ জানান, শনিবার বিকেল ৫টার দিকে বাসা থেকে বের হয় রিয়াজ। এর পর থেকে সে নিখোঁজ ছিল।

এ ঘটনায় রবিবার সকালে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রিয়াজের মা। বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই মাঠে গিয়ে রিয়াজের লাশ পড়ে থাকতে দেখেন।

শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, রিয়াজ শনিবার থেকে নিখোঁজ ছিল। রবিবার সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে হত্যার পর ঘাতকরা লাশ ওই ক্ষেতে ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা এ ঘটনা তদন্ত করছি।