নাটোরের সিংড়ায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের (অটোভ্যান) মুখোমুখি সংঘর্ষে রহিম আলী (৫০) নামের এক গাছ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিম আলী উপজেলার কলম পুন্ডরীর গ্রামের মৃত উপেন আলীর ছেলে।
জানা যায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে গাছ কাটার উদ্দেশে পাঁচজন শ্রমিক অটোভ্যান যোগে চৌগ্রামে রওনা হয়। সকাল সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রহিম আলী। এসময় আরও চার জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মো. বিদ্যুত আলী নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন নিহত হয়েছে, আহত অপর ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।