হিরো আলমকে জরিমানা

অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে হবিগঞ্জে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপহারের গাড়ি গ্রহণ করতে ঢাকা থেকে চুনারুঘাট যাওয়ার সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে পুলিশ এ জরিমানা আদায় করে বলে নিশ্চিত করেন ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, হিরো আলমকে বহন করা গাড়িটি দ্রুত গতিতে থাকার কারণে এ জরিমানা করা হয়।

বগুড়া উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জ গাউছিয়া একাডেমির প্রিন্সিপাল এম মখলিছুর রহমান। তার বাড়ি হ‌বিগ‌ঞ্জের চুনারুঘাট উপ‌জেলার নরপ‌তি গ্রামে।

উপহার গ্রহণ করতে হিরো আলম নরপতি গ্রামে পৌঁছালে অসংখ্য নারী-পুরুষ আনন্দ-উল্লাসে তাকে বরণ করে নেন। তাকে একনজর দেখতে নানা বয়সী মানুষ আসে। এর আগে মখলিছুর রহমান গাড়ির চাবি ও কাগজপত্র হিরো আলমের হাতে তুলে দেন।

উপহার পাওয়া মাইক্রোবাসটি গরিব রোগীদের চিকিৎসার কাজে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে জানান হিরো আলম। তিনি বলেন, সিলেটের মানুষ কথা দিলে কথা রাখে এটা প্রমাণ করেছেন মখলিছুর রহমান। ভালোবাসতে গেলে মন লাগে। কারো টাকা আছে মন নেই আবার মন আছে টাকা নেই। অনেকে তার লাইভ দেখে গালিগালাজ করেছেন, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি।