শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্ত কবিরাজ আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহন মিয়া কবিরাজ (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের মৃত শরবত আলীর ছেলে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। এ ঘটনায় ভিকটিমের পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ ও ৪ ফেব্রুয়ারি দুপুরে বীরচনদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ঈশানচন্দ্রনগর গ্রামের দেলোয়ার মিয়ার ভাড়াটিয়া সোহরাব মিয়ার শিশুকে ফুসলিয়ে কবিরাজ মোহন মিয়া তার চায়ের দোকানে ডেকে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় কবিরাজের দোকানে ও আশপাশে কেউ ছিল না। পরে শিশুটি চিৎকার দিলে ঘটনাটি কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ছেড়ে দেয় কবিরাজ।
বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে স্থানীয়দের পরামর্শে শিশুর বাবা সোহরাব মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কবিরাজ মোহন মিয়াকে আটক করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ঘোলপাশায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মোহন মিয়া নামে এক বৃদ্ধ কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। ভিকটিমের জবানবন্দি নেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।