অর্চিতা স্পর্শিয়া, অভিনেত্রী জীবনটাই তো এন্টারটেইনমেন্ট। ভালো, মন্দ, হাসি, কান্না, মান-অভিমান মিলেই জীবন, আর এসবের মধ্যেই খুঁজে নিতে হয় বিনোদন। এই যে বেঁচে আছি, শ্বাস-প্রশ্বাস চলছে এটাই তো অনেক এন্টারটেইনিং! ফলে বিনোদন পেতে আমার আলাদা কিছুর দরকার হয় না। আর অন্যরা যাতে বিনোদন খুঁজে পান, সেগুলো আমার কাজেরই অংশ। তাই বই পড়া, গান শোনা, সিনেমা দেখাকে আলাদা করে বিনোদন বলতে চাই না। অভিনেতা হিসেবে নিজেকে তৈরি করতে, প্রতিনিয়ত আপডেট করতে এসবের চর্চা থাকতেই হবে। বরং কোনো কাজ নেই, একান্তই নিজের মধ্যে আছি, সেই সময়টাকে অবসর বলতে পারি। যদিও আমার কাছে অবসর বলে কোনো কথা নেই। কিছু যখন না করি, তখনো হয়তো মনের মধ্যে কিছু একটা চলে। ফলে প্রকৃত অবসর বলে কিছু নেই। পুরো জীবনটাই আমার কাছে ‘মি টাইম’। কারণ সবটা সময়ই আমি আমার জন্যই ব্যয় করি। সম্প্রতি বই পড়া হয়নি। শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম। দুমাস আগে শেষ করেছিলাম প্রখ্যাত ফরাসি লেখক ক্লোদ লেভি স্ত্রোসের বই ‘ত্রিস্তো ট্রপিকস’-এর ইংরেজি অনুবাদ। পুরো বইটাই অদ্ভুত ভালো লাগা দিয়েছে। আর সিনেমার মধ্য সবশেষ দেখলাম হিন্দি ভাষার ‘তারা ভার্সেস বিলাল’। ছবিটা খুব ভালো লেগেছে। একেবারেই সিম্পল একটি গল্প, সিম্পলভাবেই প্রেজেন্ট করা হয়েছে। সেটিই মনে দাগ কেটেছে।
কথা বলেছেন মাসিদ রণ, ছবি শেখ সাদী