সখীপুরে শিক্ষকের অবহেলায় ছাত্রের মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে শিক্ষকের অবহেলায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত আল আমিন (২০) উপজেলার বেতুয়া মধ্যপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে। সে উপজেলার কালিয়ান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই শিক্ষার্থীকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন ভোরে ওই শিক্ষার্থী মাদ্রাসা হোস্টেলেই মারা যায় বলে তার সহপাঠীরা জানায়।

বহেড়াতৈল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. উজ্জ¦ল হোসাইন বলেন, ‘নিহতের নাক দিয়ে রক্ত ঝরছিল। ওই মাদ্রাসার একজন শিক্ষকও তাকে হাসপাতালে নিতে সহায়তা করেনি। ওই শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের অবহেলা ছিল।’

তবে অভিযোগ অস্বীকার করে কালিয়ান হাফেজিয়া ও এতিমখানার দায়িত্বে থাকা শিক্ষক হাফেজ মো. মুসা বলেন, ‘আমাদের কোনো অবহেলা ছিল না। সে অসুস্থ ছিল। সে অন্য দিনের মতো নির্ধারিত সময়েই ঘুমিয়ে পড়ে। সকালে নামাজেও যায়নি। নামাজ শেষে তাকে ঘুম থেকে উঠার জন্য ডাক দিলে কোনো শব্দ না পাওয়ায় তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

নিহতের বড় ভাই মিনহাজ উদ্দিন বলেন, ‘আমার ভাই অসুস্থ ছিল না। অসুস্থতার বিষয়টি মিথ্যা।’