৬ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছে ১১ জেলে

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ১১ বাংলাদেশি জেলে ছয় মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন জেলেরা। বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামে জেলেরা নিজ নিজ বাড়িতে পৌঁছলে এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

ফিরে আসা জেলেরা হলেন মো. আলী হোসেন, মো. সামছুল হক, আবদুল জলিল মিয়া, মো. নবী হোসেন, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. রুবেল, মো. রুস্তম, মো.হারুন ও হাফিজুর রহমান।

জানা যায়, ২০২২ সালের ১৫ আগস্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এফবি ফাতেমা নামের একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোষ্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করে সেখানের স্থানীয় জেলেরা। ২০২২ সালের ১৬ আগস্ট তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, দীর্ঘ অপেক্ষার পর জেলেরা ফিরে এসেছে এটা স্বস্তির খবর। জেলেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। সব জেলে পরিবারকে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তাসহ সব সহযোগিতা করা হয় বলে তিনি জানান।