ফেনীতে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগে যুবলীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন (৩০) উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেলোয়ার হোসেন ওই গৃহবধূকে ধর্ষণ এবং কৌশলে এর ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার এবং ওই গৃহবধূর দুই সন্তানসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে দীর্ঘদিন যাবৎ তাকে ধর্ষণ করে আসছে।

মাতুভূঞা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ওই গৃহবধূর পরিবার আমাকে বিষয়টি জানিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দেলোয়ারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বলেন, ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।