অবৈধ স্থাপনায় যানজট

আদালত অবমাননার রুল রাজউক প্রধান ও ২ মেয়রের বিরুদ্ধে

উচ্চ আদালতের আদেশ যথাযথভাবে প্রতিপালন না করায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাইকোর্ট। যানজট নিয়ন্ত্রণে ঢাকায় ভবনের সামনে থাকা কার পার্কিং থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় তাদের বিরুদ্ধে এ রুল দেওয়া হয়।

এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। হাইকোর্টের আদেশ প্রতিপালিত না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না রুলে চার সপ্তাহের মধ্যে জানতে চেয়েছে হাইকোর্ট।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।  

আইনজীবীদের তথ্য মতে, ঢাকার যানজট দূরীকরণের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ২০১৫ সালে একটি রিট আবেদন হয়। এতে বলা হয়, ঢাকায় বিভিন্ন সড়কের পাশে নির্মিত ভবন তৈরিতে রাজউক কর্তৃক অনুমোদিত লে-আউট পরিকল্পনায় কার পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও অনেক ভবন মালিক পার্কিংয়ের নির্ধারিত স্থানে নকশা বহির্ভূতভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান করেছেন। এতে করে পার্কিং এরিয়া না থাকায় সড়কে গাড়ি পার্কিং করায় অসহনীয় যানজট হয়। আবেদনে ঢাকার দুই মেয়র, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৯ সালের ৩ জুলাই রায় দেয় হাইকোর্ট। এতে এক মাসের সময় দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্রিকায় নোটিশ দিয়ে ভবন মালিকদের কার পার্কিং থেকে স্থাপনা উচ্ছেদ করতে হবে বলা হয়। অন্যথায় ছয় মাসের মধ্যে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভবন মালিকদের কাছ থেকে উচ্ছেদের খরচ আদায় করতে হবে। একই সঙ্গে রায় প্রতিপালন করে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়।

তবে, রায় যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় গত বছরের নভেম্বরে ঢাকার দুই মেয়র ও রাজউক চেয়ারম্যানের উদ্দেশে গত বছরের ১৭ নভেম্বর আদালত আবমাননার নোটিশ দেন আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ। নোটিশের জবাব না পাওয়ায় সম্প্রতি তিনজনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন তিনি।

মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে বলেন, ‘এই দীর্ঘ সময়েও হাইকোর্টের আদেশ যথাযথ প্রতিপালিত হয়নি। আমরা আদালতকে রায় প্রতিপালন না হওয়ার বিষয়টি অবগত করেছি। হাইকোর্ট রুল দিয়েছেন।’