পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এবারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত সেখানে যেতে রাজি নয়। এ নিয়ে চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্য। সম্প্রতি বাহরাইনে এসিসির সভায়ও টুর্নামেন্ট আয়োজন নিয়ে কোনো সমাধান হয়নি। তারপর ফের মন্তব্যে জড়িয়েছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররাও। তাতে ক্রিকেট পাড়ায় ছড়িয়েছে উত্তেজনা।
পাকিস্তানে টুর্নামেন্ট না হলে বিকল্প হিসেবে নাম রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। আবার কাতারও আগ্রহী এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে। তবে বিকল্প ভেন্যু হিসেবে নাম থাকতে পারত বাংলাদেশেরও। কিন্তু সেটা হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, ‘টুর্নামেন্ট যখন আয়োজন হবে, সেই সময় আবহাওয়া অনুকূলে না থাকায় এশিয়া কাপ আয়োজনে আগ্রহ দেখায়নি বাংলাদেশ।’
বাহরাইনে এসিসি সভা শেষে দেশে ফিরে আজ এক সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, ‘আগামী মার্চে এশিয়ার কাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আনুষ্ঠানিক আয়োজক পাকিস্তান, এটা তারাই ঠিক করবে।’
সভায় আলোচনার বিষয়ে তিনি বলেন,‘আমাদের সভায় আলাপ হয়েছে আগামী মার্চে আইসিসির একটি সভা আছে, সেই সভার সঙ্গে এসিসিরও একটি সভা রেখেছি আমরা। আশা করি ওখানে ঠিক করতে পারব যে টুর্নামেন্ট কোথায় হবে।’
পাকিস্তানে না হলে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করা হতে পারে বলে সেসব দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
তবে সেই বিবেচনায় বাংলাদেশ নেই নিশ্চিত করে পাপন বলেন, ‘যদি পাকিস্তানের বাইরে হয়, তাহলে বাংলাদেশ একটা অপশন হতে পারত। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, ওই সময় যে পরিমাণ বৃষ্টি হয়। টি-টোয়েন্টি হলেও একটা সুযোগ নেওয়া যায়, কিন্তু ওয়ানডে আমাদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়। যেহেতু আমরা জানি ওই সময়টায় খেলা আমরা ভালোভাবে শেষ করতে পারব না, সেজন্য আমরা কোনো আগ্রহও দেখাইনি।’