বিশ্বের জনপ্রিয় ব্যান্ড দল কোরিয়ান ‘বিটিএস’। বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হওয়ার গৌরবও অর্জন করেছে বিটিএস। তবে একটি পুরস্কার গ্র্যামি যেন অধরাই রয়ে যাচ্ছে বিটিএসের জন্য। তিনবার গ্র্যামির মনোনয়ন পেয়েও পুরস্কার পায়নি বিটিএস!
এদিকে তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার মিস করার পরে বিটিএস-ভক্তরা গ্র্যামি অ্যাওয়ার্ডের নিন্দা করেছেন। তিন বছর ধরে গ্র্যামির মঞ্চে পারফরম্যান্স দিয়ে ভক্তদের উচ্ছ্বসিত করেছে দলটি। এ বছর ‘গ্র্যামি ২০২৩’-এর জন্য বিটিএস তাদের হিট ট্র্যাক ‘ডায়নামাইট’, ‘বাটার’ এবং কোল্ড প্লের সঙ্গে যৌথ ‘মাই ইউনিভার্স’-এর জন্য মনোনীত হয়েছে। এ ছাড়া সেরা মিউজিক ভিডিও ক্যাটাগরিতে জে হোপের একক গান মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছে।
বিটিএস-ভক্তরা টুইটারে তাদের হতাশা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, ‘গ্র্যামি ভোটার ও কর্তৃপক্ষরা বিটিএস সম্পর্কে তাদের পূর্ব ধারণার কারণে এ প্রজন্মের সেরা কিছু মিউজিক মিস করছে।’ কেউ বা গ্র্যামির প্রতি বর্ণবাদের অভিযোগ তুলে লিখেছেন, ‘গ্র্যামিতে বিটিএস ব্যর্থ হয় কারণ শিল্পী যতই প্রতিভাবান, প্রাসঙ্গিক হোক এবং তাদের গান শীর্ষ তালিকায় থাকুক না কেন, গ্র্যামির পুরস্কার বর্ণবাদী। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাদা চামড়ার না হন, তবে আপনার কোনো সুযোগ নেই।’