সোনারগাঁয়ে বিক্ষোভ

ইউপি সদস্যকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ইউপি সদস্যকে অপহরণের পর কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেছেন স্বজন ও এলাকাবাসী। গতকাল বুধবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আহত ইউপি সদস্য মো. মনিরুজ্জামানের স্ত্রী রত্না বেগম, বোন কামরুন নাহার, এলাকাবাসী ডা. মজিবুর রহমান, সমাজসেবক রফিউদ্দিন রইফা প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ সরকারের ছেলে জানে আলম, সাইফুল, সাব্বিরসহ তাদের সন্ত্রাসী বাহিনী মেম্বার মনিরুজ্জামানকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের কাজ চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।