আগের সীমানা বহাল রেখে সংসদীয় আসনের খসড়া প্রকাশের আগেই নির্বাচন কমিশনে (ইসি) সীমানা পুনর্বিন্যাসের আবেদন জমা পড়ছে। এ পর্যন্ত অন্তত ২৫টি আসনের সীমানা নিয়ে আবেদন জমা পড়ার তথ্য পেয়েছে দেশ রূপান্তর। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, আবেদনকারীদের মধ্যে কেউ পুনর্বিন্যাস আর কেউ বহাল চান। এসব আবেদনের বেশিরভাগেই দেখা যায়, সংসদ সদস্যরা (এমপি) সরাসরি করেননি। তাদের অনুসারী বা এলাকার পক্ষে কয়েকজন মিলে ইসিতে আবেদন করেছেন।
এ বিষয়ে ক্ষমতাসীন দলের কয়েকজন এমপির সঙ্গে যোগাযোগ করা হলে আবেদনের বিষয়ে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তারা। তবে কেউ কেউ ইসিতে সশরীরে যাওয়ার কথা স্বীকার করলেও দাবি করেন, সীমানার বদলের ব্যাপারে যাননি। আগের সীমানা বহাল রাখার ব্যাপারে গেছেন। সীমানা পুনর্নির্ধারণের আবেদন সম্পর্কে তারা কিছু জানে না বলেও দাবি করেন।
সূত্রমতে, সিরাজগঞ্জ সদরের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) এসএম নাছিম রেজা নূর ও ভাইস চেয়ারম্যান (মহিলা) হাসনা হেনা। এ তিন জনপ্রতিনিধি সীমানা পরিবর্তনের জন্য আবেদন করেছেন। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার অখ-তা বজায় রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনে অন্তর্ভুক্তির কথা বলেছেন।
সিরাজগঞ্জ-১ আসনটি কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর আসনের পাঁচ ইউনিয়ন নিয়ে। এ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। সিরাজগঞ্জ-২ আসন সদরের ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে। অর্থাৎ জয়ের আসনে পাঁচটি ইউনিয়ন হাবিবে মিল্লাতের আসনের অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।
দেশ রূপান্তরের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ-২ আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে যারা আবেদন করেছেন তাদের মধ্যে মোহাম্মদ রিয়াজ উদ্দিন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। ভাইস চেয়ারম্যান এসএম নাছিম রেজা নূর সদরের স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক। ভাইস চেয়ারম্যান (মহিলা) হাসনা হেনা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলীর মেয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ তিনজনই স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতের অনুসারী।
আবেদনপত্রে তারা বলেছেন, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ সদর উপজেলা নিয়ে একটি নির্বাচনী আসন ছিল। সদরের ১০টি ইউনিয়নের মধ্যে ২০০৮ সালে ৪টি ইউনিয়ন ও ২০১৮ সালে ১টি ইউনিয়ন কাজীপুর উপজেলার সঙ্গে যুক্ত করে সিরাজগঞ্জ-১ আসন বিন্যাস করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে কাজীপুরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। অন্যদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার থেকে ওই ইউনিয়নগুলোর দূরত্ব ১০ কিলোমিটারের মধ্যে। সিরাজগঞ্জ সদর উপজেলাকে দুটি আসনে ভাগ করার ফলে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিষদসহ সব ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করতে নানা সমস্যার সৃষ্টি হয়। তারা জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন ২০২১ অনুযায়ী, উপজেলাকে অবিভাজিত রাখার বিষয়টি বিবেচনার জন্য আবেদন করেছেন।
জানতে চাইলে সরকারি দলের আরেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত দেশ রূপান্তরকে বলেন, ‘আমি সীমানা পুনর্নির্ধারণের আবেদন করিনি। আমার কর্মী-সমর্থক করা মানে আমি করেছি এটা প্রমাণ হয় না। এ বিষয়ে আমি কিছুই জানি না।’
আবেদনকারীরা তার অনুসারী এ বিষয়ে হাবিবে মিল্লাত দেশ রূপান্তরকে বলেন, ‘তারা আওয়ামী লীগ করে। আমাদের দল করে, আমাদের সঙ্গে আছে। কিন্তু আবেদনের বিষয়টি আমি জানি না।’ তিনি এ প্রতিবেদকের কাছে আবেদনের কপি চেয়েছেন।
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় দেশ রূপান্তরকে বলেন, ‘আমার পক্ষ থেকে কোনো আবেদন করিনি। সীমানা নিয়ে আমার আসনের জনগণ সন্তুষ্ট। আমি এ বিষয়ে কিছু জানি না।’
কমিশনে সশরীরে গিয়ে আবেদন জমা দেওয়ার কথাও জানা গেছে। ইসি সূত্র বলছে, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, সিরাজগঞ্জ-৬ আসনের গত নভেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতাসহ অন্তত পাঁচজন ইসিতে গিয়েছিলেন। সুবিদ আলী গতকাল বৃহস্পতিবার ইসিতে যান। এর আগে গিয়েছেন মেরিনা জাহান।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া ইসিতে যাওয়ার কথা স্বীকার করলেও তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমার আসনের সীমানা নির্ধারণ নিয়ে কোনো আবেদন করিনি। দাউদকান্দি-মেঘনা দুই উপজেলা মিলিয়ে কুমিল্লা-১ অনেক বড় আসন। আমি ইসিতে গিয়েছিলাম। আগের সীমানা বজায় রাখার কথা বলতে গিয়েছি।’
ইসি সূত্র বলছে, এ পর্যন্ত ২৫টি আসনে শতাধিক আবেদন জমা পড়েছে। এর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন পড়েছে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে ছয়টি। সীমানা পুনর্বিন্যাসে সরকারি দলের ঝোঁক থাকলেও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কোনো প্রার্থী বা তার পক্ষে আবেদন করা হয়েছে কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, এই মুহূর্তে তাদের এ বিষয়ে আগ্রহ নেই।
জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দেশ রূপান্তরকে বলেন, ‘বিভিন্ন দপ্তরে শতাধিকের ওপর আবেদন জমা পড়েছে। সরকারের এমপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে এ আবেদন আসছে। কোনো এমপি চান তার নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন যেন না হয়। আবার কেউ কেউ চান তিনি তার এলাকার পরিবর্তন করে অন্য আসন থেকে কিছু অংশ যুক্ত করতে।’ আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন নির্বাচনসংশ্লিষ্টরা।
সিরাজগঞ্জ-৫ আসন নিয়ে করা আবেদনে বেলকুচি ও কামারকন্দ উপজেলার ভিত্তিতে পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ মেরিনা জাহান কবিতা তার নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসের কথা তুলে ধরেছেন। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে এ আসনটি হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে মেরিনা জাহানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাকে কয়েক দফা ফোন করলেও তিনি ধরেননি। মোবাইল ফোনে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
কুমিল্লা-২ আসনের বিষয়ে করা আবেদনে হোমনা ও তিতাসের পরিবর্তে হোমনা ও মেঘনা উপজেলার সমন্বয়ে আসন পুনর্নির্ধারণ চাওয়া হয়েছে।
পিরোজপুর-৩ আসনের (মঠবাড়িয়া উপজেলা) সংসদীয় আসনের বর্তমান সীমানা বহাল চেয়ে আবেদন করা হয়েছে। গাজীপুর, ঠাকুরগাঁও, যশোর ও রাজধানী ঢাকার একটি আসনের বিষয়েও আবেদন পড়েছে বলে সূত্র জানাচ্ছে।
ইসির একাধিক সূত্র বলছে, বেশিরভাগ আবেদনই ক্ষমতাসীন আওয়ামী লীগসংশ্লিষ্ট নেতা, পেশাজীবীসহ বিভিন্ন পেশার মানুষ করেছেন। এদের মধ্যে এলাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আইনজীবীসহ বিভিন্ন মহলের লোক রয়েছেন। আবেদনগুলো নানা মাধ্যমে ইসিতে আসছে। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, ইসির সচিব, অতিরিক্ত সচিব, নির্বাচনব্যবস্থা অনুবিভাগ, সেন্টাল ডেস্কসহ বিভাগীয় কার্যালয়ে জমা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা না থাকায় যেসব দপ্তর জমা দেওয়া হচ্ছে সেখানেই থেকে যাচ্ছে।
যেমন নির্বাচনব্যবস্থা অনুবিভাগে এখন পর্যন্ত ১৫টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন ওই অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম। ৮ ফেব্রুয়ারি ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তার দপ্তরে ২৫টি আবেদন জমা পড়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান সীমানা বহাল রেখে এ সপ্তাহে খসড়া প্রকাশ করার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
গতকাল সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘গত পাঁচ বছর স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণ বর্তমান সীমানায় কাজ করেছেন। যেহেতু ২০১৮ সালে কমিশন শুনানি করে সিদ্ধান্ত দিয়েছে, তাই তাদের যদি কোথাও সমস্যা থাকে, তাহলে তাদের বক্তব্যের মাধ্যমে জানতে পারব। কাজেই যেটা আছে, সেটা থাকুক। সেটার ওপর আবেদন আহ্বান করলে তখন দেখা যাবে।’
খসড়া প্রকাশের আগে যে আবেদনগুলো ইসিতে জমা হয়েছে সেগুলো আমলে নেওয়া হবে কি না তা নিয়ে এখনো কিছু জানায়নি নির্বাচন কমিশন। এ বিষয়ে অশোক কুমার দেবনাথ দেশ রূপান্তরকে বলেন, ‘খসড়া প্রকাশের পর কমিশন যদি আমলে নেয় তাহলে এ আবেদনগুলো থাকবে। আর আমলে না নিলে যারা যারা আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করতে হবে।’
সীমানা নিয়ে খসড়া তালিকা প্রণয়নের পর আগামী মার্চে দাবি, আপত্তি অথবা সুপারিশ আহ্বান নিয়ে বসবে ইসি। মে মাসে আপত্তির বিষয়ে অঞ্চলভিত্তিক শুনানি নিষ্পত্তি করে তা গেজেট আকারে প্রকাশের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
ইসি সূত্র বলছে, বর্তমানে এক উপজেলার ইউনিয়ন ভাগ হয়ে অন্য সংসদীয় আসনে চলে গেছে এমন সংসদীয় আসন কমবেশি ৪৫টি রয়েছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে উপজেলার অখণ্ডতা বজায় রাখতে হলে এ ৪৫টি আসনে কমবেশি পরিবর্তন আনতে হবে।
সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে বিএনপির আগ্রহ না থাকার বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হয় না তা তো ২০১৪ সালের নির্বাচন বলুন, ২০১৮ সালের নির্বাচন বলুন, স্থানীয় সরকার নির্বাচন বলুন, সব নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। আমাদের দলের অবস্থান পরিষ্কার, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। দাবি মেনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বাকি বিষয়গুলো আলোচনা করে নেওয়া যাবে।’