বাগেরহাটের মোংলায় নদীর পাড় থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সকালে পৌর শহরের ১ নম্বর জেটি ও মামার ঘাটের মাঝামাঝি স্থানে মোংলা নদীর পাড়ে পলিথিনের ব্যাগে মোড়ানো এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নবজাতকটি ছেলে শিশু, তার একটি হাত ভাঙা ছিলো বলে জানান তিনি।
তিনি বলেন, নবজাতকের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে। কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে, এ বিষয়ে খোঁজ নেয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার রাতে নাকি শনিবার ভোরে লাশটি নদীর পাড়ে ফেলা হয়েছে তা নিশ্চিত জানা যায়নি।