একসময়ের নন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু এখন টেলিভিশনে অনুপস্থিত। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা গেলেও অভিনয়ে এখন আর আগের মত সরব নন। আসছে ভালোবাসা দিবসকে ঘিরে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকদিন পর পর্দায় ফিরছেন তিনি।
ভালোবাসা দিবস উপলক্ষে ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। পাশাপাশি দুটি ফ্ল্যাটে বাস করা দুজন তরুণ-তরুণীর মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ, এরপর মান-অভিমান নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়ন এর গল্প। তাদের এইসব বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং।
পাঁচফোড়নের প্রতিটি পর্বেই নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকে না। দেশের তারকা শিল্পীরা বিষয়ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারের পাঁচফোড়নে দুই প্রতিবেশী প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন অভিনয় তারকা মীর সাব্বির ও সুমাইয়া শিমু।
এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। একটি গেয়েছেন সুমী শবনম। অনুষ্ঠানে ‘তোমার চোখে আমার চোখে’ শিরোনামে আর একটি গান গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী। গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন মডেল সাজ্জাদ ও মোনালিসা দীপা।