ভাইরাল লায়লা বাউলের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

লোকগান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শিল্পী লায়লা বাউলের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তার শিল্পসাধনার স্বীকৃতি হিসেবে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার  (১৭ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী লায়লা বাউলের হাতে ৩ লাখ টাকার একটি চেক তুলে দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

চেক হস্তান্তরের পর মন্ত্রীর দপ্তরেই গান পরিবেশন করেন লায়লা বাউল। তার কণ্ঠে লোকসংগীত ও বাউল গান উপভোগ করেন উপস্থিত অতিথিরা। মাটির গন্ধমাখা সুরে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অনুষ্ঠানে লায়লা বাউলের প্রতিভার প্রশংসা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, প্রকৃত প্রতিভা কখনও চাপা থাকে না। শত প্রতিকূলতা ও বাধা পেরিয়েও তা একসময় মানুষের সামনে বিকশিত হয়। তিনি উদাহরণ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা উল্লেখ করেন। 

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও বাউল গান দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করা, তাদের মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া সরকারের দায়িত্ব। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত