নতুন আইনে বেদখল ভূমি উদ্ধার হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারাদেশে বন বিভাগের দুই লাখ একরের অধিক ভূমি বেদখল হয়ে রয়েছে। পুরাতন আইনের জটিলতার কারণে নতুন আইন তৈরি করা হয়েছে। যা আগামী সংসদে পাস করা হবে। নতুন আইন পাসের পর বেদখল সব ভূমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় বনবিভাগের নবনির্মিত অত্যাধুনিক রেঞ্জ অফিস ভবনের উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বনের জায়গা দখল করে কলকারখানা তৈরি করে জলবায়ুর পরিবর্তন হয়েছে। বনভূমির সুরক্ষা করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে। তিনি ৩৮ লাখ ৭৫ হাজার টাকায় নবনির্মিত একতলা রেঞ্জ অফিস ভবনের দ্বিতল ভবন ও বাউন্ডারি দেয়াল নির্মাণসহ পর্যাপ্ত বনকর্মচারী দেওয়ার আশ্বাস দেন।

উপজেলার গাজীপুরস্থ রেঞ্জ ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, বন্যপ্রাণীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সহিদ ও সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ প্রমুখ।