কুমিল্লায় মাদক সেবন দেখে ফেলায় খুন

কুমিল্লায় মাদক সেবন দেখে ফেলায় বাসা থেকে ডেকে নিয়ে রাজিব নামে এক শ্রমিককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রাজিব (২১) বিসিক শিল্প নগরীর একটি ফ্যাক্টরির শ্রমিক। 

পুলিশ এবং স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার রাব্বি গং মাদক বিক্রি এবং সেবন করছিল। একপর্যায়ে তাদের পাশ দিয়ে হেঁটে যান শ্রমিক রাজিব। এ সময় মাদক সেবন দেখে ফেলায় সোর্স ভেবে রাজিবের সঙ্গে রাব্বি গংয়ের কথা কাটাকাটি হয়। পরে রাজিব পুলিশকে তথ্য দিতে পারে ভেবে রাব্বি ও তার সহযোগীরা মিলে রাজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গোবিন্দপুর এলাকার কাজী মনসুরের বাড়ির সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সনজুর মোর্শেদ বলেন, মাদক সেবন দেখে ফেলায় ওই শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।