৯ কর্মচারীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে শাস্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ৯ সদস্যকে সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে বিভিন্ন শাস্তি দিয়েছে সমিতি। কর্মচারী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে শাস্তির বিষয়টি জানানো হয়। কিন্তু শাস্তি দেওয়ার কারণ জানেন না পরিষদের অন্য সদস্যরা। ভুক্তভোগীদের দাবি, নিয়মবহির্ভূতভাবে তাদের শান্তি দেওয়া হয়েছে।

কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৩ সদস্যের মাঝে বিভিন্ন পদে থাকা ৭ জনের সঙ্গে কথা বললে তাদের কেউই গঠিত তদন্ত কমিটি সম্পর্কে কোনো সঠিক তথ্য কিংবা কারা কমিটির সদস্য, বিষয়টি জানাতে পারেননি; বরং বিষয়টি নিয়ে সভাপতি, সাধারণ সম্পাদকের কথা জানান। তারা বলেন, ‘সভাপতি, সাধারণ সম্পাদক সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি শাস্তি দিয়েছে। কাকে দায়িত্ব দিয়েছে, সেটা তারা বলতে পারবে।’

বহিষ্কারের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থে সাংগঠনিক সব কাজে বিশৃঙ্খলা ও মিথ্যা-গুজব ছড়ানো এবং একাধিক অপরাধের সঙ্গে সরাসরি ও প্রত্যক্ষ জড়িত থাকায় সাংগঠনিক অপরাধে দণ্ডিত করে গণিত বিভাগের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা প্রসেসর (আপগ্রেড) ও কর্মচারী পরিষদের ২০১৮-১৯ কমিটির সহসভাপতি এ কে এম কামরুল হাসানের সদস্যপদ বাতিল ও পরিষদের দুটি নির্বাচনের প্রার্থিতা বাতিল করা হয়। একই অভিযোগে রসায়ন বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট (আপগ্রেড) নাছির উদ্দিন ও বাংলা বিভাগের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা প্রসেসর (আপগ্রেড) মো. জিয়াউর রহমানের সদস্যপদ স্থগিত ও পরিষদের একটি নির্বাচনের প্রার্থিতা বাতিল করা হয়। মার্কেটিং বিভাগের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা প্রসেসর ও ২০১৮-১৯ কমিটির কার্যকরী সদস্য মো. হাবিবুর রহমান ও হিসাববিজ্ঞান বিভাগের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা প্রসেসর (আপগ্রেড) মো. আবদুল কাদেরের সদস্যপদ বহাল রেখে একটি নির্বাচনের প্রার্থিতা বাতিল করা হয়।

এ ছাড়া উল্লিখিত অভিযোগে ইন্ধনকারী হিসেবে অভিযুক্ত ফার্মেসি বিভাগের ল্যাব অ্যাসিস্ট্যান্ট (আপগ্রেড) মো. আবদুল আউয়ালকে সদস্যপদ বাতিল ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এস্টেট শাখার বাগান মালী ও ২০১৮-১৯ কমিটির সাধারণ সম্পাদক মো. সামছু মিয়াকে ভবিষ্যতে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের নিষিদ্ধ ঘোষণা এবং পরিবহন শাখার ড্রাইভার (গ্রেড-২) ও বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি মো. শাহিনুর হোসেন ও রেজিস্ট্রার দপ্তরের ডেসপাস ক্লার্ক মো. আবুল বাসারকে সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে তিরস্কার করা হয়।

যদিও কর্মচারী সমিতির গঠনতন্ত্রে সদস্যপদ বাতিলের কারণ হিসেবে বলা হয়, গঠনতন্ত্র পরিপন্থী কাজ, পরপর তিন মাস মাসিক চাঁদা পরিশোধ না করা হলে, চাকরি থেকে পদত্যাগ করলে, অবসর গ্রহণ করলে, বহিষ্কৃত হলে, মৃত্যুবরণ করলে, মানসিক বিকৃতি ঘটলে কিংবা পরিষদের অর্থ ও সম্পত্তি তছরূপ করা প্রমাণিত হলে, তার সদস্যপদ বাতিলের কথা বলা হয়। তবে আলোচিত ৯ সদস্যকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কারণ হিসেবে ওপরের কোনো বিষয় উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে কথা বলতে চাইলে কল রিসিভ করেননি সমিতির সভাপতি দীপক চন্দ্র মজুমদার। সমিতির সাধারণ সম্পাদক মো. মহসিন বলেন, ‘আমরা যা-ই করেছি, গঠনতন্ত্র মেনে করেছি।’