মাদক মামলায় রোহিঙ্গা নারীর যাবজ্জীবন

চট্টগ্রামে ১০০০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মোছাম্মৎ নুর তাজ নামের এক রোহিঙ্গা নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোছাম্মৎ নূর তাজ (২৮) কক্সবাজারের উখিয়া থানার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রিসের স্ত্রী। তবে তিনি জামিন নিয়ে পলাতক আছেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর নগরের বাকলিয়া থানা এলাকা থেকে নুর তাজ ও এক শিশুকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বাকলিয়া থানায় দায়ের হওয়া মামলা তদন্ত শেষে মামলায় ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রবিবার আদালত এ রায় দেন। গ্রেপ্তার শিশুর বিচার চলছে শিশু আদালতে।