বইমেলায় জবি শিক্ষক মিনহাজ উদ্দীনের ২ বই

অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে মো. মিনহাজ উদ্দীনের ইতিহাসভিত্তিক দুটি বই ‘পশ্চিম পাকিস্তানে বন্ধবন্ধুর বন্দি জীবন’ ও ‘মুখোমুখি মহিউদ্দিন’। বই দুটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, প্রচ্ছদ করেছেন দেশবরেণ্য অঙ্কন শিল্পী মাসুক হেলাল।।

বই দুটির লেখক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মিনহাজ উদ্দীন। তিনি গণমাধ্যমের সাথেও যুক্ত রয়েছেন।

পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর বন্দি জীবন বইটি সম্পর্কে জানতে চাইলে লেখক জানান, ‘পশ্চিম পাকিস্তানে বন্ধবন্ধুর বন্দি জীবন’ একটি ইতিহাস ভিত্তিক বই। এই ইতিহাস ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর কারা জীবনের ইতিহাস। যেখানে কঠোর গোপনীয়তায় তার বিচার প্রক্রিয়া শুরু হয়। যুদ্ধের নয় মাস বন্দি বঙ্গবন্ধু সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে সে সময় বিশ্ব গণমাধ্যমে তাকে নিয়ে অনেক সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সব খবর ও কিছু অতি গুরুত্বপূর্ণ নথির ভিত্তিতে বঙ্গবন্ধুর পশ্চিম পাকিস্তানের কারা জীবন সম্পর্কে জানার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। এ ছাড়া ঐতিহাসিক কিছু তথ্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর শেষ দিনগুলোর কথা। আছে পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর শেষ দিনগুলো নিয়ে ড. কামাল হোসেনের দুর্লভ একটি সাক্ষাৎকার।

আর মুখোমুখি মহিউদ্দিনের সম্পর্কে জানতে চাইলে লেখক জানান, এটি সাক্ষাৎকারভিত্তিক বই। বিস্তারিত, গভীরতর সাক্ষাৎকার। যে সাক্ষাৎকারে উঠে এসেছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড এবং ঐ বছরের ৩-৭ নভেম্বরের অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের আদ্যোপান্ত। যার মাধ্যমে উন্মোচিত হয়েছে ইতিহাসের অনেক রহস্য। সামনে চলে এসেছে অনেক অপরিহার্য প্রশ্ন। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে যাদের আগ্রহ আছে তাদের কাছে বইটি হতে পারে বিশেষ এক সূত্র।

বই দুটির প্রত্যেকটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ২৫-৩০ শতাংশ ছাড়ে বই দুটি পাওয়া যাবে শ্রাবণ প্রকাশনীর ৬৭-৬৯-৬৯ নম্বর স্টলে ।