আইএফসির ৫ কোটি ডলারের ঋণ পেল প্রাইম ব্যাংক

কভিড-১৯ অতিমারী দ্বারা সৃষ্ট বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় রপ্তানি এবং আমদানিভিত্তিক ব্যবসায় সহায়তার জন্য প্রাইম ব্যাংক লিমিটেডকে ৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে আইএফসি। আইএফসির এই তহবিল প্রাইম ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে ঋণের মাধ্যমে রপ্তানি এবং আমদানিভিত্তিক প্রতিষ্ঠানের চলতি মূলধন, বাণিজ্য অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রার তারল্য চাহিদা পূরণ করতে সহায়তা করবে। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএফসি।

এই অর্থায়ন প্যাকেজ আইএফসির ‘ফাস্ট ট্র্যাক কভিড-১৯ সুবিধা’-এর অংশ। চলতি মূলধন সমাধান কর্মসূচির অধীনে অতিমারীর প্রভাব মোকাবিলায় বিভিন্ন দেশ এবং বেসরকারি খাতের সহায়তার জন্য প্যাকেজটির পরিকল্পনা করা হয়। প্রাইম ব্যাংকের সঙ্গে আইএফসির এই সম্পৃক্ততা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) প্রাইভেট সেক্টর উইন্ডোর মিশ্রণ অর্থায়ন সুবিধা দ্বারাও সমর্থিত হবে।

প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশিদ বলেন, ‘আইএফসির সহায়তা বাংলাদেশের অর্থনীতির টিকে থাকার সামর্থ্য এবং প্রাইম ব্যাংকের প্রতি আস্থার প্রতিফলন। ২০১৪ সাল থেকে প্রাইম ব্যাংক আইএফসির মূল্যবান অংশীদার এবং এই সম্পর্ক আমাদের অফশোর ব্যাংকিং ইউনিট ব্যবসা সম্প্রসারণে উল্লেখযোগ্যভাবে সাহায্য করছে। এসএমই গ্রাহকদের টার্গেট করা ৫ কোটি ডলারের এই সুবিধা প্রাইম ব্যাংকের এসএমই পোর্টফোলিও উন্নয়নে সহায়তা করবে।’