ফসল উৎপাদন নিয়ে শঙ্কায় চাষিরা

সিরাজদীখানে সেচ পাম্প নলকূপ চুরির হিড়িক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাতের আঁধারে বাড়িঘর ও ফসলি জমি থেকে সেচের টিউবওয়েল (নলকূপ) ও শ্যালো পাম্প মেশিন চুরির হিড়িক পড়েছে। জেলার সিরাজদীখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের বাহেরঘাটা ও উত্তর গোবরদী গ্রামে অহরহ এ চুরি হচ্ছে। গেল একমাসে গ্রাম দুটিতে অন্তত ৫০টি টিউবওয়েল ও শ্যালো পাম্প মেশিন চুরির খবর পাওয়া গেছে। দিনের পর দিন চোরের এমন উপদ্রবে আতঙ্কে রয়েছেন গ্রামবাসী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাহেরঘাটা কবরস্থান ও মন্দিরের টিউবওয়েল চুরি হয় সম্প্রতি। রাতের আঁধারে চোর চক্র বাহেরঘাটা গ্রামের মজিদ বেপারী, রুবেল হাওলাদার, মোতালেব তালুকদার, ইউপি সদস্য ইয়াসিন শেখের বাড়ির টিউবওয়েল খুলে নিয়ে গেছে।

তাছাড়া ওই ইউপি সদস্যের জমিতে সেচ কাজে ব্যবহৃত শ্যালো পাম্পের মেশিন, জয়নাল দেওয়ান, কাদির শেখের জমির সেচের পাম্প মেশিন চুরি হয়েছে। আবার গোবরদী গ্রামের তোফাজ্জল হোসেনসহ বেশ কয়েকজনের বাড়ির টিউবওয়েল খোয়া গেছে।

বয়রাগাদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তন্ময় ইসলাম স্বপন বলেন, একটি টিউবওয়েল ও শ্যালো পাম্প মেশিনের মাধ্যমে উত্তর বাহেরঘাটা গ্রামের বিস্তীর্ণ জমিতে সেচ দেওয়া হতো। রাতের আঁধারে চোরের দল ওই টিউবওয়েল ও পাম্প মেশিন চুরি করে নিয়ে যায়। এতে সেচ কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে। আতঙ্কে রয়েছেন কৃষকরা।

একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াসিন শেখ বলেন, আমার ও ছোট ভাইয়ের টিউবওয়েল ও পাম্প মেশিন চুরি হয়েছে।

বয়রাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, আমার ইউনিয়নে এক মাসে অসংখ্য বাড়ি ও জমি থেকে টিউবওয়েল ও শ্যালো মেশিন নিয়ে গেছে চোরের দল। এখনই চোর শনাক্ত করে ব্যবস্থা না নেওয়া হলে জনগণের নিরাপত্তা ভেঙে পড়বে।

সিরাজদীখান থানার ওসি একেএম মিজানুল হক বলেন, ছিঁচকে চোরের উপদ্রব বেড়েছে। পুলিশ চোর ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোর শনাক্ত ও গ্রেপ্তারে রাতে বাড়ানো হয়েছে পুলিশের টহল।