নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর আকাশ মোল্লা (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকালে উপজলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

আকাশ মোল্লা একই উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাসির মোল্লার ছেলে। সে সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্বজন ও পাংশা থানা সূত্র জানায়, আকাশ মোল্লা তার বাবা-মাসহ বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে নানাবাড়িতে থাকত। গত শনিবার বিকেলে বাবার ভ্যান নিয়ে সে বাইরে বের হয়। রাতে বাসায় না ফেরায় অনেক খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় রবিবার আকাশের বাবা থানায় অভিযোগ করেন। সোমবার সকালে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে পদ্মার চরের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাই করার জন্য আকাশকে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটন হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।